পাবনায় ইছামতি নদী খনন স্থগিত ও মামলার জট থেকে উত্তরণে দীর্ঘ মানববন্ধন
- আপডেট সময় : ০১:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর খনন কাজ মামলার জটে আটকে পড়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মামলার দ্রুত নিষ্পত্তি ও নদী খনন কার্যক্রম অব্যাহত রাখার দাবিতে ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।
মানববন্ধনের আয়োজন করে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা। সংগঠনের সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং দৈনিক সিনসার এর বিশেষ প্রতিনিধি খালেদ আহমদের সঞ্চালনায় এ কর্মসূচিতে জেলার বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের উপদেষ্টা অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি বলেন,
“ইছামতি নদী বাঁচানো শুধু পাবনার পরিবেশ রক্ষাই নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। মামলার জটিলতা দূর করে দ্রুত খনন কার্যক্রম শুরু করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি ও আন্দোলনের সহসভাপতি পূর্ণিমা ইসলাম, সামসুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াছ আহমেদ হিমেল রানা, সুজানগরের আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন, তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাংবাদিক জুবায়ের খান প্রিন্স সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা।
এছাড়া মানববন্ধনে বক্তৃতা করেন—
ড. মনছুর আলম, শফিক আল কামাল, কৃষিবিদ জাফর সাদেক, এমএস গ্রুপের পরিচালক মাহবুবুল আলম ফারুক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।
বক্তারা আদালতের প্রতি মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে বলেন,
“ইছামতি নদীর পুনঃখনন বিলম্বিত হলে পাবনা শহরসহ আশপাশের এলাকার পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।”
মানববন্ধনে পাবনা আদর্শ হাই স্কুলের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।












