কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপডেট সময় : ১২:৫৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার নাহিম সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং কৃষি উপ-সহকারী ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তার উজ্জামান।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন সবজি চাষের জন্য বেগুন, পালংশাক, লাল শাক, মটরশুটি, লাউ, মূলা ও বাটিশাকসহ ৭ ধরনের ৫০০ গ্রাম বীজের ৯টি প্যাকেট প্রদান করা হয়। এছাড়া মাঠে চাষযোগ্য সবজি উৎপাদনের জন্য ৫৪০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশার বীজ দেওয়া হয়েছে।
এছাড়াও মাঠ পর্যায়ের প্রতিটি কৃষককে ২০ শতাংশ জমির জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করা হয়।
















