হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস
- আপডেট সময় : ০২:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে রবিবার (৫ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হক বাসেত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল এবং কাজী আছমা আক্তার। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “জাতি গঠনের মূল কারিগর হচ্ছেন শিক্ষক। শিক্ষকদের ভূমিকা সমাজকে উন্নত ও মানবিক করে তোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যে শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত উদ্যোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটিতে মুক্ত আলোচনা ও শিক্ষক সংবর্ধনার আয়োজনও করা হয়।




















