কিশোর-কিশোরীদের জন্য কৃত্তিম বুদ্ধিমত্তা : তোমার ডিজিটাল বন্ধু
- আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
ভাবো তো, তুমি এক নতুন জগতে পা রেখেছো! যেখানে কম্পিউটার শুধু তোমার কমান্ডের মাঝে সীমাবদ্ধ নয়, বরং নিজেই শেখে, বোঝে, এমনকি তোমাকে সাহায্যও করে। তাই আজ পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো কৃত্তিম বুদ্ধিমত্তা। কারণ খুবই সহজ, এটি মানুষের সময় বাঁচায়, কাজ সহজ করে এবং ভুল কমায়। আগে যে কাজ করতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা লাগত, এখন সেই একই কাজ কয়েক সেকেন্ডে মানুষের মতো চিন্তা করে করে দিতে পারে কৃত্তিম বুদ্ধিমত্তা। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা—সব জায়গাতেই বিপ্লব এনে দিয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা।একেবারে সহজভাবে বলি, তোমার ক্লাসের বড় বড় চ্যাপ্টারকে ছোট করে সাজিয়ে দিতে পারে যেন সহজে মনে রাখতে পারো। পরীক্ষার জন্য এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন তৈরি করে দিতে পারে, নতুন ভাষা শেখা বা কঠিন বাক্য অনুবাদ করতে পারে। স্কুল প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট সবকিছুতে আইডিয়া তৈরী থেকে শুরু করে বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত সহায়তা করতে পারে কৃত্তিম বুদ্ধিমত্তা।
বর্তমানে কিশোর-কিশোরীদের সবচেয়ে বড় সমস্যা হলো সময়। পড়া, ক্লাস, টিউশন—সব মিলিয়ে সময় অনেক কম। কৃত্তিম বুদ্ধিমত্তা তোমাকে দ্রুত তথ্য এনে দেয়, কাজ দ্রুত শেষ করে দেয়, ফলে তোমার মূল্যবান সময় বাঁচে। এই কৃত্তিম বুদ্ধিমত্তা তোমার সহপাঠী, যে তোমার সঙ্গে শিখবে এবং তোমাকে শিখতে সাহায্য করবে।
অনেক আগেই মানুষ চেয়েছিল যন্ত্রকে তার বন্ধু বানাতে, যে মানুষের মতো করেই ভাবতে পারবে। ১৯৫০ সালে বিজ্ঞানী অ্যালান ট্যুরিং প্রথম ভাবলেন—”যন্ত্র কি মানুষের মতো চিন্তা করতে পারবে?” এই এক প্রশ্নেই নতুন দিগন্ত উন্মোচিত হয়। পরবর্তীতে ১৯৫৬ সালে এক বৈজ্ঞানিক সভায় প্রথমবার কৃত্তিম বুদ্ধিমত্তা শব্দটি ব্যবহার করা হয়। এখান থেকেই কৃত্তিম বুদ্ধিমত্তার আনুষ্ঠানিক ইতিহাস শুরু।
কৃত্তিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহার করার চাবিকাঠি হলো ভালো ‘প্রম্পট’ দেওয়া। এটি হলো তুমি কী করতে বলছো, তার নির্দেশনা। প্রম্পট সুনির্দিষ্ট হলেই উত্তর ভালো ও সামঞ্জস্যপূর্ন হবে। নির্দেশনা/প্রম্পট ব্যবহারের যত কৌশল আছে এর মধ্যে একটি শক্তিশালী কৌশল হলো এক্ট এজ (Act as Prompt) ব্যবহার করা।
এই কৌশলে তুমি কৃত্তিম বুদ্ধিমত্তাকে একটি নির্দিষ্ট ভূমিকা বা পেশা নিতে বলো। যেমন, তুমি বলতে পারো, “একজন অভিজ্ঞ ইতিহাস শিক্ষকের মতো উত্তর দাও” অথবা “একজন বিজ্ঞানের গবেষকের ভূমিকা নাও”। এতে উত্তরটি সেই চরিত্রের জ্ঞান, ধরণ ও ভাষায় আসবে, যা শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
সাধারণ প্রশ্ন যেমন— “মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করো”—এর উত্তরে, হয়তো একটি পাঠ্যবইয়ের মতো উত্তর আসবে। কিন্তু তুমি যদি এক্ট এজ (Act as Prompt) কৌশলটি ব্যবহার করো, তবে উত্তর আসবে ঠিক যার মত করে তুমি চাও যে কৃত্তিম বুদ্ধিমত্তা তোমাকে উত্তরটি দিক।
এই কৌশলে তুমি AI-কে একটি নির্দিষ্ট ভূমিকা নিতে বলবে, যেমন: “Act as a Nobel Laureate Physicist (একজন নোবেলজয়ী পদার্থবিদের মতো কাজ করো)”। এই ভূমিকা দেওয়ার পরে তুমি যখন বলবে “১৫ বছর বয়সী একজনকে সহজ, সাবলীল ভাষায় মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো” তখন কৃত্তিম বুদ্ধিমত্তা একজন বিজ্ঞানীর মতো করে এবং একজন হাইস্কুল পড়ুয়ার উপযোগী ভাষায় উত্তরটি তৈরি করবে।
একইভাবে, যখন তুমি স্কুলের প্রতিযোগিতার জন্য প্রবন্ধ লিখবে, তখন সাধারণ প্রম্পটের বদলে তুমি বলতে পারো: “Act as a professional academic writer (একজন পেশাদার শিক্ষাবিদ লেখকের মতো কাজ করো)”। এর ফলে, কৃত্তিম বুদ্ধিমত্তা কেবল উত্তরটি লিখে দেবে না, বরং তোমাকে একটি আকর্ষণীয় রূপরেখা ও তথ্যবহুল করে দেবে, যা তোমার অ্যাসাইনমেন্টটিকে করবে সকলের থেকে আলাদা।
তাই, মনে রাখবে কৃত্তিম বুদ্ধিমত্তাকে তুমি যে প্রম্পট দেবে, সে সেই প্রম্পট অনু্যায়ী তোমার ডিজিটাল বন্ধু হিসেবে কাজ করবে। কিছু চ্যাট ভিত্তিক আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর উদাহরন হতে পারে, চ্যাটজিপিটি, জেমিনি এবং গ্রোক এআই। এর মধ্যে সুবিধাজনক হতে পারে গুগল জেমিনি। তুমি সহজেই গুগল প্লে স্টোর থেকে জেমিনি(Gemini) এপটি তোমার মোবাইলে বা কম্পিউটারে ইন্সটল করতে পারবে। এরপর শুধু অ্যাপটি খুলে তোমার প্রম্পটটি দিবে। তুমি যত বেশি স্মার্ট ভাবে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করা শিখবে, তত দ্রুত তুমি নিজের দক্ষতা বাড়াতে পারবে এবং নিজেকে প্রমাণ করতে পারবে আসলে তুমিই “টপার”।










