খাগড়াছড়িতে ওএমএস চাল আটা বিক্রির উদ্বোধন করলেন – জেলা প্রশাসক
- আপডেট সময় : ০২:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পৌর শহরের ১২টি পয়েন্টে একযোগে চালু হলো সরকার নির্ধারিত খোলাবাজারে চাল ও আটা বিক্রির (ওএমএস) কার্যক্রম।
বুধবার (২ জুলাই ২০২৫) সকালে শহরের শালবাগান এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রতিটি পয়েন্টে ৯ টন চাল এবং আটা বিক্রি করা হবে। এই কার্যক্রমের আওতায় ১,৮০০ হতদরিদ্র নাগরিক ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ২৪ টাকা কেজি দরে আটা কিনতে পারবেন।
3উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আদুই রঞ্জন তঞ্চঙ্গ্যা, মোহিত চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল এবং জেলা যুবদল সভাপতি মাহবুব আলম সবুজসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেয়া হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ওএমএস কার্যক্রম কার্যকর রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।




















