সাংবাদিক সৌরভ কুমার দেবনাথের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- আপডেট সময় : ০৪:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে একটি হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি সেলিম সরদার ও জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, সদস্য এস এম ফজলুর রহমান সহ অন্যরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ২ সেপ্টেম্বর ঈশ্বরদীর মাজদিয়া ইসলামপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে।
ঘটনার ১৮ দিন পর গত ২০ সেপ্টেম্বর নিহতের বাবা আনিছুর রহমান বাদী হয়ে পাবনা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-২ আদালতে দৈনিক স্বতঃকণ্ঠের স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক সমকোণের বার্তা সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলার ঈশ্বরদী প্রতিনিধি সৌরভ কুমার দেবনাথসহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সাংবাদিক সৌরভ কুমার এ ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করেন তাঁরা আরো বলেন, একজন সাংবাদিককে হয়রানি করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। কোনো সাংবাদিক অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণিত হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এসময় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তাঁরা। ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে পরবর্তী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার কথাও জানান সাংবাদিক নেতারা।
সভায় পাবনা ও ঈশ্বরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










