ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
- আপডেট সময় : ১০:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলের চালকসহ দুই আরোহী আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ওই এলাকার ছহিম সরদারের ছেলে।
আহতরা হলেন, ছলিমপুর ইউনিয়নের বরইচারা পূর্বপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. হোসাইন (২৪) ও রবিউল ইসলামের ছেলে মো. রাব্বি (২৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, রাতে বাড়ির পাশে সড়কে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন রাজু আহমেদ। এ সময় শেখেরদাইড় এলাকা থেকে সাকড়েগাড়ী মোড়ের দিকে যাচ্ছিল দুই যুবককে বহনকারী একটি মোটরসাইকেল। পথে মোটরসাইকেলটি রাজুকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক হোসাইন ও আরোহী রাব্বিও আহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









