দীর্ঘ অপেক্ষার অবসান, শনিবার যাত্রা শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের
- আপডেট সময় : ০৭:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরাঞ্চলের ধান ও আমের জেলা নওগাঁর প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ বিশ্ববিদ্যালয়।
আগামীকাল শনিবার (১৮ জুলাই) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে নওগাঁসহ উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।






















