সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বার এমপি মনোনীত নেওয়াজ হালিমা আরলীকে অভিনন্দন
- আপডেট সময় : ০৭:৫০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত নারী আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য (এমপি) হিসেবে মনোনয়ন পেয়েছেন আইনজীবী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তার এ মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
সংগঠনগুলোর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে এ দায়িত্ব পালনে নেওয়াজ হালিমা আরলী সফল হবেন বলে তারা প্রত্যাশা করেন। তারা তার সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন, তার সততা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
জাতীয় জনতা ফোরামের সভাপতি ও বাংলাপোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, “এই নতুন দায়িত্বের মাধ্যমে জনসেবার গতি আরও বৃদ্ধি পাবে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ ও মাগুরা জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নেওয়াজ হালিমা আরলী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তার পুনঃমনোনয়নকে তারা এলাকার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।
নেওয়াজ হালিমা আরলী রাজনৈতিক জীবনে একজন ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে পরিচিত। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, কারাবরণ এবং নির্যাতনের মুখেও তিনি দলীয় আদর্শে অটল ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও ছাত্রনেতা আলমগীর হোসেনের সহধর্মিণী।
এর আগে তিনি অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার পুনরায় মনোনয়নকে নারীর ক্ষমতায়ন ও আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।









