লিবিয়ায় ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০ হাজার
- আপডেট সময় : ০৬:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
এফএনএস
লিবিয়ার পূর্বাঞ্চলে সোমবার আঘাত হানে ঘূর্ণিঝড় ড্যানিয়েল। ঘূর্ণিঝড়টির প্রভাবে পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির উপকূলীয় শহরগুলোর শতশত বাড়ি উড়ে গেছে। এ ছাড়া দুটি পুরোনো বাঁধ ভেঙে গিয়ে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড় ও বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৫ হাজার ৩০০ মানুষ। নিখোঁজ রয়েছেন কয়েক হাজার। এখন সেসব মানুষের আত্মীয়-স্বজনরা তাদের মরদেহ খুঁজে বেড়াচ্ছেন। বন্যায় বিপর্যস্ত দারনার মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতি সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এক সাক্ষাৎকারে বলেছেন, সুনামি সদৃশ এ বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটির উপর ভিত্তি করে তারা ধারণা করছেন, মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজার হতে পারে। একটি ঝড়ের কারণে, দারনায় যে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে তা কেউ ভাবেননি। শহরটির বাসিন্দা আব্দুলকারিম সাংবাদিক মোতাজ আলীকে ত্রিপোলি থেকে জানিয়েছেন, এই ভয়াবহ বন্যায় তিনি তার মা ও ভাইকে হারিয়েছেন। তিনি জানিয়েছেন, তার মা প্রথমে বাড়ি থেকে বের হতে চাননি। কারণ অন্য সবার মতো তিনিও ভেবেছিলেন, এটি সাধারণ একটি ঝড় ও বৃষ্টি। কিন্তু যখন বাঁধ ভেঙে শহরে পানি চলে আসে তখন নিরাপদ আশ্রয়ে চলে যেতে ছেলেকে নিয়ে রাস্তায় নেমে আসেন তিনি। ঠিক তখনই বন্যার পানিতে তারা দুইজনই ভেসে যান। গত মঙ্গলবার দারনা ছাড়তে পারা সাংবাদিক মাবরুকা এলমেসমারি আল জাজিরাকে জানান, দারনা শহরে নেই পানি, বিদ্যুৎ কিংবা পেট্রল। তার ভাষ্য, পুরো শহর ধসে সমতল হয়ে গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। গত বুধবার লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় এ সমবেদনা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাত হানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়। লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন শেখ হাসিনা। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দেরনা শহরে ভয়াবহ বন্যার পর নিখোঁজ হাজার হাজার মানুষের অনুসন্ধান চলছে। গতকাল বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো দেশটিতে ভয়াবহ এই বন্যা চলছে। এতে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


















