হাবিবুর রহমান হাবিবকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে রূপপুর বিবিসি বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুন পাকশী ইউনিয়নের চররূপপুর ফটু মার্কেট এলাকায় খালেক খাঁ ও লিটন নামে দুই ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এর তীব্র প্রতিবাদ জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি দাবি করেন, হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার হামলা-মামলা ও কারাবরণের শিকার হয়েছেন।
আলমগীর হোসেন আলম আরও অভিযোগ করেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া খালেক খাঁ একজন সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের সময় তিনি ভূমি দখল, মাটি কাটা, অবৈধ বালু উত্তোলন, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কৃষকের জমি দখল করে কোটি কোটি টাকা আত্মসাতের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের পর আবারও ধানের শীষের বিপক্ষে একটি পক্ষকে সঙ্গে নিয়ে রাতের আঁধারে বালু বিক্রি, কৃষিজমির মাটি কাটা, কলাবাগান দখল, সাধারণ মানুষের পুকুরের মাছ আহরণ এবং ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে খালেক খাঁ জড়িত রয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। তারা এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালেক খাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পরে একই দাবিতে উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম অনল, বিএনপি নেতা আতাউর রহমান আগা, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নূরনবীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










