বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১১:২৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অশালীন বক্তব্য প্রচার করছে। একই সঙ্গে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ এবং বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেকমত উল্লাহ কনক এর সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদল নেতা প্রিন্স মাহমুদ, যুবদল নেতা আতাউর রহমান, ও মহিলা দলের নেত্রী আনজু খাতুন ও রনিফা বেগম।



















