নওগাঁর মান্দার বৃদ্ধ দম্পতির অসহায় জীবন, রাজশাহীতে সবজি বিক্রি করে চলছে সংসার।
- আপডেট সময় : ১১:২২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আবুল হোসেন ও জয়নব বেগম। দু’জনেরই বয়স ৭৫ বছরের বেশি। জীবনের শেষ প্রান্তে এসে তারা লড়াই করছেন কঠিন বাস্তবতার সঙ্গে।
একসময় নিজেদের বসতভিটা ছিল। কিন্তু নদীভাঙনের নির্মম গ্রাসে হারিয়ে যায় সবকিছু। সহায়-সম্বল হারিয়ে বাধ্য হয়ে তারা আশ্রয় নেন রাজশাহী শহরের তেরোখাদিয়া এলাকায় একটি ভাড়া বাসায়। তাদের এক ছেলে থাকলেও, বিভিন্ন পারিবারিক কারণে তিনি বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না বলে জানান এই বৃদ্ধ দম্পতি।
জীবিকার তাগিদে সামান্য পুঁজি দিয়ে সবজি বিক্রি শুরু করেন তারা। বয়সের ভার ও নানা শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রতিদিন বাজারে যেতে হয়। কখনো শাক, কখনো সজনে, আবার কখনো মৌসুমি সবজি নিয়ে তেরোখাদিয়া বাজারে বসেন বিক্রির আশায়।
তবে প্রতিদিন বিক্রি ভালো হয় না। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হয়। অসহায় দৃষ্টিতে পথচারীদের দিকে তাকিয়ে থাকেন—হয়তো কেউ কিছু কিনবেন, আর সেই টাকায় জুটবে একবেলার খাবার কিংবা প্রয়োজনীয় ওষুধ।
সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি অনুরোধ, প্রয়োজন না থাকলেও সামর্থ্য অনুযায়ী তাদের কাছ থেকে কিছু কিনুন। অযথা দামাদামি না করে বরং একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতাই হয়তো এই বৃদ্ধ দম্পতির একবেলার খাবার কিংবা প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দিতে পারে।
মানবিকতা ছড়িয়ে পড়ুক—এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের সামাজিক দায়িত্ব।










