নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অফিসার ইনচার্জের নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৬ নম্বর পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তল্লা সর্বজান গ্রামের রিপন পারভেজ (২৫) ও মো. সেলিম রেজা (২৫), এবং সাতঘরা গ্রামের শ্রী সুতেষ (৬০)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে চোলাই মদ তৈরি, মজুদ এবং বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।










