টেবুনিয়া স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১১:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে সদ্য চালু হতে যাওয়া ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ ট্রেনের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসূচি ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সাখাওয়াত প্লাজার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ‘টেবুনিয়া সচেতন সমাজ’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে টেবুনিয়া ঈশ্বরদী সড়কে একটি বড় রেলি বের করা হয় যাতে সকল পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী, পাবনা সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, পাবনা জেলা জামায়াতের আমির খন্দকার জাকারিয়া, টেবুনিয়া ওয়াসিম পাঠশালার শিক্ষক নাছিম, ফয়সাল আহমেদ পল্লব, ইউপি সদস্য পদপ্রার্থী রোকেয়া খাতুন, অ্যাডভোকেট সোহেল, টেবুনিয়া বাজার কমিটির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ আলী, মালিগাছা ইউনিয়নের ইউপি সদস্য হানিফ, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বাবু এবং টেবুনিয়া বাজার ব্যবসায়ী কমিটির ক্যাশিয়ার পদপ্রার্থী মঞ্জুর কাদের।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিপ্লব ও আনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী বলেন, টেবুনিয়া রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন ট্রেন চালুর পরও এ স্টেশনে যাত্রাবিরতি না থাকলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বেন। জনস্বার্থে ট্রেন দুটির যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানাচ্ছি।
পাবনা সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, টেবুনিয়া ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা রেল যোগাযোগের উন্নয়ন। নতুন ট্রেন চালু হওয়ার উদ্যোগ প্রশংসনীয়। তবে টেবুনিয়া স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত না হলে স্থানীয় জনগণ এর সুফল থেকে বঞ্চিত হবেন। তাই রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত এ দাবি বাস্তবায়নের আহ্বান জানাই।
পাবনা জেলা জামায়াতের আমির খন্দকার জাকারিয়া বলেন, রেলপথ সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম সহজ ও সাশ্রয়ী মাধ্যম। টেবুনিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি থাকলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ উপকৃত হবেন। তাই জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে নতুন ট্রেন দুটির যাত্রাবিরতি পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ফয়সাল আহমেদ পল্লব বলেন, টেবুনিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এ অঞ্চলের যাত্রীদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে অন্য স্টেশনে যেতে হবে। নতুন চালু হতে যাওয়া ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ ট্রেনের যাত্রাবিরতি টেবুনিয়া স্টেশনে নিশ্চিত করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। দ্রুত এ দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।









