ঈশ্বরদীতে মব সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপি নেতৃবৃন্দের নামে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বুধবার(১৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার দাশুড়িয়া বাজার ও ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দাশুড়িয়া বাজার এলাকা থেকে কয়েক’শ নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক মোড় এলাকায় গিয়ে এক পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।
পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান সেনা, উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকী, সলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি শফিউদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু, তার ভাই মেহেদী ও জুয়েল এবং জামায়াত নেতা হাফিজ মেম্বার কর্তৃক গত দুদিন ঈশ্বরদী থানার সামনে মব সৃষ্টি করা হয়। এসময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা বক্তব্য প্রদান করা হয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদ এবং খুন, সন্ত্রাস, চাঁদাবাজ, সুদ ব্যবসায়ী ও মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল কর্মসূচি বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম অনিক, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পণ্ডিত, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রকিবুল ইসলাম লাকি, কৃষকদলের আহ্বায়ক মহিদুল ইসলাম, সদস্য সচিব শহীদ মন্ডল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল সিজন, সিদ্দিকুর রহমান, জীবন মোল্লা, মেরিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

























