তুহিনকে বিএনপির এমপি প্রার্থী মনোনীত করায় চাটমোহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি,পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের এমপি প্রার্থী মনোনীত করায় চাটমোহর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনান্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২-জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আরিফা সুলতানা রুমা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নেতাকর্মীদের কাছে একটি মেসেজ পাঠিয়েছেন। আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তাই আহ্বান জানাবো তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিন। সব মতভেদ ভুলে কৃষিবিদ তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করুন।
তিনি বলেন, পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আসলে ধানের শীষের মনোনয়ন দেয়ার এখতিয়ারটা দলের। তারেক রহমান যেটি সঠিক মনে করেছেন, সেটি আমাদেরকে মেনে নিতে হবে। তার যে চাওয়া, যে দিক নির্দেশনা, তার যে সিদ্ধান্ত, আমি মনে করি সেটি ফাইনাল সিদ্ধান্ত। এর উপরে এটি বিবেচনা করার আর কোনো সুযোগ নাই। এখনও যারা দূরে আছেন বা এটি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন, আমি বলবো খুব দ্রুত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তুহিন ভাইকে কীভাবে নির্বাচনে জয়লাভ করানোর জন্য কাজ করুন।
তিনি আরো বলেন, আজকে শুধু যে হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে নির্বাচনের জন্য পাঠিয়েছেন, তা কিন্তু নয়। বিগত দিনগুলোতেও আমরা দেখেছি এক আসনের প্রার্থীকে অন্য আসনে নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এটি নতুন কোনো নিয়ম নয়। ধারাবাহিক একটি প্রক্রিয়া। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফিরকে পাবনা-৩ এ পাঠানো হয়েছে। এই আসনে যদি তার মতো যোগ্য কাউকে দল পেতো, তাহলে আমার মনে হয় না কৃষিবিদ তুহিনকে এখানে আনার প্রয়োজন হতো। এখন এটি মেনে নিয়ে সবাই মতভেদ ভুলে তার হাতকে শক্তিশালী করা উচিত, ধানের শীষের হাতকে শক্তিশালী করা উচিত। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা,সাবেক ভিপি সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জান্নাতুল নাঈম প্রমুখ।










