নিয়ামতপুরে ১৭ মাসের শিশুর মৃত্যু, মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৪:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু এবং তার মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবু সাইদ (১৭ মাস) পশ্চিম মীরাপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে শিশুটিকে বিষপান করানোর পর তার মা সাহিদা নিজেও বিষপান করেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আবু সাইদকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর অবস্থায় সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।






















