পাবনায় ডিএনসির অভিযানে গাঁজা-ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৫ মাদকসেবীর কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৩৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ সুফি উল্লার নির্দেশনায় পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে ডিএনসি পাবনা জেলা নিয়মিত মাদকবিরোধী অভিযানে সদর সার্কেল টিমের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
অভিযানে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী গ্রাম থেকে মো. খাইরুল সরদার (৫০)-কে তার শয়নঘর থেকে ২১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি মৃত লতিফ সর্দারের ছেলে।
অপরদিকে গয়েশপুর ইউনিয়নের বাবুলচড়া গ্রাম থেকে মো. আনোয়ার হোসেন ওরফে আনাই (৫৩)-কে ৬৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মো. শীতল প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, পিয়ারাখালী ও দাশুড়িয়া এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। তারা হলেন— মো. ইসলাম (৫৫), আবু জুবায়ের (৫২), মো. খোকন (৪০), মো. মিলন (৪০) ও মো. সামছুল (৫০)।
ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের উপস্থাপন করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে ডিএনসির এই অভিযান অব্যাহত থাকবে।










