বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের আজ মৃত্যু বার্ষিকী
- আপডেট সময় : ১১:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ মার্চ)। দিবসটি উপলক্ষে এদিন দল ও পরিবারের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন এবং মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি ও বাংলাপোষ্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী -৪ আসনের সাংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।
বিবৃতিতে তিনি বলেন, ১/১১-তে দেশের চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। একজন আত্মপ্রত্যয়ী, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন তিনি। কথার সঙ্গে কাজের মিল ছিল তার চারিত্রিক বৈশিষ্ট। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ।’
তিনি বলেন, ‘ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। মৃত্তিকা ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ আজীবন জনকল্যাণে নিজেকে যুক্ত রেখেছিলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামে অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, ২০১১ সালে ১৬ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।










