মহিলা জামায়াত কর্মীকে লাঞ্চিত করায় ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৬:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে মহিলা জামায়াতের কর্মীকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর জয়নগরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি খালেদা রহমান।
খালেদা রহমান বলেন, আমাদের মহিলা বিভাগের কর্মী সম্পা খাতুনসহ আরও কয়েকজন নিয়মিত নির্বাচনী গণসংযোগে অংশ নেন। গণসংযোগের এক পর্যায়ে তারা স্থানীয় শামিম মহলদারের বাসায় গেলে তিনি বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের ওপর চড়াও হন।
শামীম মহলদার কোনো ধরনের কারণ ছাড়াই সম্পা খাতুনকে নির্মমভাবে মারধর ও লাঞ্ছিত করেন। তিনি আমাদের বোনদের হাতে নির্বাচনী লিফলেট দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ও মহিলা কর্মীদের প্রতিও তেড়ে যান এবং নানাভাবে হেয় ও অশালীন মন্তব্য করতে থাকেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জামায়াতের কর্মী ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ জানায়। এতে শামীম মহলদার লাঠি হাতে তাদের ওপর হামলার চেষ্টা করেন, ফলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তিনি সেখান থেকে পালিয়ে যান।
তিনি আরে বলেন, শামীম মহলদার দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় দাপট দেখানো, চাঁদাবাজি, মানুষকে ভয়ভীতি প্রদর্শন এসব তার নিত্যদিনের আচরণে পরিণত হয়েছে। এ সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়কে কেন্দ্র করে আজ বিকালে বিক্ষোভ ও সমাবেশ মিছিল করেছে বাংলাদেশ জামায়েত ইসলামী সলিমপুর ইউনিয়ন শাখা।










