রুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক
- আপডেট সময় : ০১:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। তাকে আগামী ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩–এর ১০(১) ধারা অনুযায়ী তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হলো।
নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এ নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
















