সরাইলে দুই গ্রামের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ: রণক্ষেত্রে পরিণত কালিকচ্ছ বাজার, নিহত ১, আহত শতাধিক
- আপডেট সময় : ০৪:১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে মাত্র ২৫ হাজার টাকার লেনদেনের জের ধরে সৃষ্ট বিরোধে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের জেরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং হবিগঞ্জ-বিশ্বরোড মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকচ্ছ বাজার এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছোড়া টেটা বিদ্ধ হয়ে একজনের মুখ মারাত্মকভাবে জখম হওয়ার পাশাপাশি অনেকে গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, সংঘর্ষ চলাকালীন সময়ে দোকানপাট ব্যাপক লুটপাটের শিকার হয়েছে।
এছাড়া, এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করলেও তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসনকে আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল।
বর্তমানে হবিগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত এলাকাটিতে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সরাইল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ঘটনার বিস্তারিত কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।
পরিস্থিতি শান্ত করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।










