ঈশ্বরদীতে পরিষদে অবরুদ্ধের পর ৩ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে
প্রায় ২ ঘন্টা ইউনিয়ন পরিষদে অবরুদ্ধের পর পতিত আওয়ামী সরকারের ৩ ইউপি সদস্যকে থানা পুলিশে সোপর্দ করেছে সাধারণ জনতা।
রবিবার দুপুর ২ঘটিকার সময় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ইউপি সদস্যরা হলেন, দাশুড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য এবং নওদাপাড়া এলাকার মৃত আব্দুল মজিদ এর ছেলে ফিরোজ হোসেন বাকী (৬২) মেম্বার, ৫নং ওয়ার্ড সদস্য এবং মাড়মী দক্ষিন পাড়া এলাকার চাঁদ আলি মাঝির ছেলে রফিকুল ইসলাম (৪৭) মেম্বার এবং ৬নং ওয়ার্ড সদস্য খালিশপুর পশ্চিম পাড়া এলাকার নবাব আলী খান এর ছেলে আলাউদ্দিন (৫৬)।
ঘটনা সূত্রে জানা যায়, গত বছরের ৫ই আগস্টের পর শেখ হাসিনা সরকার পলায়নের পর থেকেই এই ৩মেম্বার ইউনিয়ন পরিষদে আসতেন না। এরপর তাদের দাপ্তরিক কাজে সমস্যা হওয়ার কারনে তারা আজ দুপুরে দাশুড়িয়া বাজার এলাকায় অবস্থিত তাদের ইউনিয়ন পরিষদে একসঙ্গে হাজির হন। এসময় তাদের উপস্থিতি সাধারণ জনগনের নজরে আসলে তারা পরিষদে একত্রিত হতে থাকেন এবং তাদের পরিষদের মধ্যে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধের প্রায় ২ঘন্টা পর ঈশ্বরদী থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান।
ঈশ্বরদী থানার এসআই শফিক জানান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদে ৩জন ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রেখেছেন সাধারণ জনতা এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং ৩জনকে উদ্ধার করেছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










