ঈশ্বরদীতে যুবদলের নাম জড়িয়ে সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবদল বৃহস্পতিবার (২অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জিরা চোরাচালানের ঘটনায় তাদের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংবাদ সম্মেলনটি সলিমপুর ইউনিয়ন যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা লিখিত বক্তব্যে জানিয়েছেন, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ ভাড়ইমারী এলাকায় জিরা চোরাচালানের অভিযোগে নাজমুল মালিথা, তামিম কাউছার এবং মোজাহার মালিথাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
তবে কিছু প্রিন্ট ও অনলাইন মিডিয়া মূল ঘটনা ছড়িয়ে দিয়ে আটককৃতদের সঙ্গে যুবদলের সম্পর্ক দেখানোর চেষ্টা করেছে। সুমন মালিথা স্পষ্ট করে বলেন, আটককৃতরা যুবদলের সঙ্গে কোনোভাবেই রাজনৈতিক ভাবে সম্পৃক্ত নয়। শুধু বিএনপি ও যুবদলের সুনাম হ্রাস করার জন্য এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা সংগঠনের সুনাম ক্ষুণ্ন না হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সলিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক শামসুল সরদার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা তরিকুল সরদার, পাঞ্জাব আলী, যুবদল নেতা করিম মালিথা, রিপন, শিহাব, মামুন, শাওন, আলম মান্নানসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।










