ওসমানীনগরে ডিবির বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০২:২২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টায় সিলেট জেলা ডিবি পুলিশের একটি দল ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নের খালপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় বাসিন্দা জেসমিন বেগমের (৪২) বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত জেসমিন বেগম উপজেলার দয়ামীর (খালপার) এলাকার বাসিন্দা এবং আব্দুল বারীর স্ত্রী। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে ডিবি পুলিশ আটককৃত জেসমিন বেগমকে ওসমানীনগর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










