যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন ও অশ্লীল ছবি প্রকাশের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- আপডেট সময় : ০৬:৪৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে
সাঁথিয়ায় মোটা টাকা যৌতুক নিয়ে বিয়ে অতঃপর নিয়মিত যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন, তার অনুমতি ব্যতিরেকে দ্বিতীয় বিবাহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর ছবি ব্যবহার করে ফেইক একাউন্ট তৈরী,তৈরীকৃত একাউন্টে স্ত্রীর অশ্লীল ছবি (সংসার করা অবস্থায় ধারণকৃত) ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে প্রতারক স্বামীর বিরুদ্ধে।
এসকল অপকর্মের প্রতিবাদ করায় ভুক্তভোগী গৃহবধু ও তার পরিবারকে অপহরণ পূর্বক হত্যার হুমকি প্রদান ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে অভিযুক্ত স্বামী আশরাফুল শেখ ও তার পরিবারের বিরুদ্ধে। এবিষয়ে পাবনা জেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-০৫) আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধু মনিরা আক্তার। অভিযোগটি আমলে নিয়ে শুনানীর তারিখ ধার্য করেছে আদালত।এছাড়াও যৌতুকের দাবিতে নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার জন্য পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মনিরা আক্তার।
জানা যায়, ২’রা অক্টোবর ২০২৩ তারিখে ছাতক বরাট গ্রামের মন্টু শেখের মেয়ে মনিরা আক্তারের সাথে ৮ লক্ষ টাকা কাবিনে (যৌতুক ৭ লক্ষ টাকা) সাটিয়াকোলা এলাকার আব্দুল মতিনের ছেলে আশরাফুল শেখের বিবাহ হয়। পরবর্তীকালে ব্যক্তিগত প্রয়োজন দেখিয়ে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে। মেয়ের সুখের কথা চিন্তা করে পুনরায় টাকা দেন মন্টু শেখ। এরপর বিভিন্ন সময়ে নানা বাহানায় যৌতুক দাবি করে আশরাফুল, চাহিদামত যৌতুক না দিলে স্ত্রী মনিরার উপর শারিরিক ও মানসিক নির্যাতন শুরু করে আশরাফুল ও তার পরিবার। আশরাফুল ও তার পরিবারের নির্যাতনে বর্তমানে বাবার বাড়ীতে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী মনিরা আক্তার। এতেও ক্ষ্যান্ত না হয়ে আশরাফুল পুর্বে ধারনকৃত মনিরার অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রচার ও প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে সংসার চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী মনিরা আক্তার বলেন, বিয়ের সময় আমরা জানতাম আশরাফুল জাহাজে চাকরী করে কিন্তু দীর্ঘ ২ বছর সংসার করে আমি তার কোন প্রমাণ পাই নি। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন করতো।এছাড়াও আমার সম্মুখে অন্য মেয়েদের সাথে কথা বলা ও অন্যান্য অনৈতিক সম্পর্কে নিয়োজিত হতো।আমি প্রতিবাদ করায় আমার উপর নির্যাতন চালাতো। বর্তমানেও সে আমার ছবি ব্যবহার করে ব্লাকমেইল করছে। এছাড়াও আমার পরিবারকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আশরাফুল ও তার পরিবারের শাস্তি দাবি করছি।
ভুক্তভোগী মনিরা আক্তারের পিতা মন্টু শেখ বলেন, আমি জমিজমা বিক্রি করে ১০ লক্ষ টাকা যৌতুক দিয়েছি তবুও ওরা আমার মেয়ের উপর নির্যাতন করে। এছাড়াও আমাদের আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর করে চলেছে, আমরা প্রশাসনের সহযোহিতা চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত আশরাফুল শেখের একজন প্রতিবেশী জানান, আশরাফুল প্রতারণা ও নারী স্ক্রামের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপকর্মে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।
তবে এবিষয়ে আশরাফুলের কয়েকটি নাম্বারে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।










