সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে ট্রাক ডাকাতির ঘটনায় ‘মিথ্যা মামলা’ দাবি করে সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে আলোচিত ঝুটবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় নিজেদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষের নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেছেন, ব্যবসায়িক লেনদেনের বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা চঞ্চল রহমান নয়ন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সংঘটিত ট্রাক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে তাদের ও তাদের সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তাদের ডাকাত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। ব্যবসায়িক অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করলেও চুক্তি অনুযায়ী লাভের অংশ ও মূলধন ফেরত পাননি। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পরে পাওনা অর্থের দাবিতে সংশ্লিষ্টদের কাছে গেলে সেই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকার একটি ওজন স্কেল থেকে অস্ত্রের মুখে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগে জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ট্রাক দুটি ও মালামাল উদ্ধার করে। তবে মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।










