একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০৭:৫৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে প্রবেশের সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে| এ ঘটনায় ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে|
সোমবার (১৩ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে| ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় হঠাৎ দুইটি বগি লাইনচ্যুত হয়| এতে নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে|
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে| অল্প সময়ের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে| উদ্ধার কাজ শেষ হলে রেললাইন সচল করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে| তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি| রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন|










