কাশিনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমিতে ভবন নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ১১:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
কাশিনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমিতে ভবন নির্মাণ অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। অভিযুক্তরা হলেন কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন বাসিন্দা মৃত মোজাফফর হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ হোসেন, আহাম্মদ হোসেন ও আবু হোসেন।
জানা যায়, কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাশিনাথপুর মৌজার আর এস ৯১ খতিয়ানের আর এস ১৮২৭ ও ১৮২৮ দাগের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রবাসী গোলাম মোস্তফা (মাসুদ) ও মোয়াজ্জেম গংদের মধ্যে বিরোধ ও মামলা চলমান ( যাহার নং-ও/সি-২৮৩/২০২২)।এবিষয়ে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী গোলাম মোস্তফা। মামলা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সাঁথিয়া উপজেলা সহকারী জজ মাসুমা রহমান মামলা নিস্পত্তি হওয়া পর্যন্ত উক্ত জমি ক্রয়বিক্রয় ও রুপ পরিবর্তনের উপর নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১০ জুন সকালে উক্ত জমিতে স্থায়ী ভবন (বিল্ডিং) নির্মাণ শুরু করে মোয়াজ্জেম গং। মামলা নিষ্পত্তি হওয়ার পুর্বে ভবন নির্মাণে বাধা দেওয়ায় প্রবাসী গোলাম মোস্তফার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা। এবিষয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী গোলাম মোস্তফার মা আনোয়ারা বেগম।
ভুক্তভোগী প্রবাসী গোলাম মোস্তফা বলেন, আমরা আইনের উপর শ্রদ্ধাশীল।তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জায়গায় ভবন নির্মাণ করছে।আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।আইন শৃঙ্খলা বাহিনীর নিকট ন্যায় প্রত্যাশা করছি।
অভিযুক্তদের দাবি, আমরা যেখানে ভবন নির্মাণ করছি সেখানে কোন নিষেধাজ্ঞা নেই।আদালত নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিম পাশে, আমরা ভবন নির্মাণ করছি দক্ষিণ পাশে।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










