খাগড়াছড়িতে ত্রিপুরা মারমা সচেতন নাগরিক ব্যানারে পার্বত্য উপদেষ্টার অপসারণের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ১০:২৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজের ব্যানারে পার্বত্য উপদেষ্টা ও পার্বত্য যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং ৭ দিন আল্টিমেটাম দেওয়া হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে বিশেষ প্রকল্পে খাদ্যশস্যে অর্থ বরাদ্দে অনিয়মের প্রতিবাদ ও বৈষম্যমূলক বন্টনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় খাগড়াছড়িতে বিক্ষুব্ধ ত্রিপুরা-মারমা জনগোষ্ঠী সচেতন নাগরিক সমাজের ব্যানারে শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় খাদ্যশস্যে অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছেন।
আগামী ৭দিনের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে পদ থেকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি পালন করা হবে,সমাবেশ থেকে জানানো হয়।
মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা বলেন- ‘পার্বত্য উপদেষ্টা কেবল একটি গোষ্ঠীকে সুযোগ দিয়ে ত্রিপুরা, মারমা ও বাঙালি গোষ্ঠীকে বঞ্চিত করেছে। পার্বত্য মন্ত্রণালয় কোনো একটি গোষ্ঠীর জন্য নয় এটি সকল সম্প্রদায়ের জন্য। কিন্ত এখানে প্রচণ্ডভাবে বৈষম্য করা হয়েছে। প্রথমবারে বরাদ্দ করা হয়েছে ৭৫১ মেট্রিক টন, তারপর বরাদ্দ হয়েছিল ৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন বরাদ্দে আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। আমাদের নির্দিষ্ট ৪টি দাবি- সুপ্রদীপ চাকমাকে অপসারণ করতে হবে, তাঁর সহচর যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণ করতে হবে, খাদ্যশস্যসহ যেকোনো বরাদ্দে সুষম বন্টন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায্যতার ভিত্তিতে সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে অন্যন্য দের মধ্যে বক্তব্য রাখেন- সরোজ কান্তি ত্রিপুরা, আব্রে মারমা, মারমা যুব নেতা ইঞ্জিনিয়ার ক্যরী মগ, যুব নেতা উজ্জল মারমা, নারী নেত্রী মউক্রাচিং মারমা, অংগ্য মারমা, মারমা যুব সমাজ নেতা, চাইহ্লাপ্রু মারমা।










