সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর
পাবনা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
একই দিনে পাবনা সদর উপজেলার লস্করপুরে পৃথক অভিযানে আরও তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সাঁড়া ঘাট এলাকায় স্বপনের দোকানের সামনে অভিযান চালিয়ে আব্দুর রশিদ শান্ত (২১) ও হৃদয় হালদারকে (২০) ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
অন্যদিকে, লস্করপুর এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মিন্টু (৪৮), কিরণ মোল্লা (৪০) ও সোহাগ প্রাংকে (৩২) আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পাবনা জেলা কারাগারে পাঠান।
ডিএনসি পাবনার উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে বুধবার পর্যন্ত মাদক-সংক্রান্ত অপরাধে ৬৩ জনকে আইনের আওতায় আনা হয়েছে।










