সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা ও ভাসমান জাল জব্দসহ আটক ৫
- আপডেট সময় : ১২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৯০ বার পড়া হয়েছে
সারাদেশে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার এরই প্রেক্ষিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার মিটার চরঘেরা ও ১ হাজার মিটার ভাসমান জালসহ একটি নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষিদ্ধকালীন সময়ে সাগরে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করা হয়। এ সময় এক জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্য ৪ জেলে হলেন-অর্জুন দাশ, আপন দাশ, মোঃ নুরুদ্দীন ও সুমন দাশ। এদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫(১) ধারার আওতায় মামলা দায়ের করে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সন্দ্বীপ চ্যানেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
উক্ত মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোস্তফা আহমেদ, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রুবেল দাশ, রাসেল দাশ এবং সাদেকুল ইসলাম।












