লামায় এনসিপি নেতার বিরুদ্ধে জমি জবর দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৯:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান ও তার ভাই যুবলীগ নেতা তোফাজ্জেল গং কর্তৃক লামা সিনিয়র জুডিসিয়াল কোর্টের আইনজীবির ও তার ছোট ভাইয়ের জমি জবর দখলের অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বিরোধীয় জায়গায় দখল বেদখল কে কেন্দ্র করে বর্তমানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লামা থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। উপজেলা লামায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাডভোকেট মোহাম্মদ জাফর আলম এর ছোট ভাই মোঃ আরাফাত এর দায়েরকৃত অভিযোগে জানা গেছে,২৮৪নং ইয়াংছা মৌজার আর/৩৫৭নং হোল্ডিং এর আন্দর ৫ একর জমি এনসিপি লামা উপজেলার আহ্বায়ক পরিচয় দিয়ে নাজমুল হাসান (৩৫) ও তার বড় ভাই তোফাজ্জল হোসেন জবর দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আসছে। গত ২১ জুন নাজমুল হাসান ও তার ভাই তোফাজ্জল ০৭/০৮ জন লোক নিয়ে এই জায়গা জবর দখলের চেষ্টা করে। পরবর্তীতে আরাফাত বাদী হয়ে সি.আর মামলা নং-২৬৫/২৫ আসামীদের বিরুদ্ধে দায়ের করেন। এই জায়গায় দখল বেদখলকে কেন্দ্র করে বর্তমানে এনসিপি নেতা ও যুবলীগ নেতা এবং লামার সিনিয়র এক আইনজীবীর ছোট ভাইয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এডভোকেট মোহাম্মদ জাফর আলম জানান,এনসিপি এর লামা উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান ও তার ভাই যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন বহিরাগত লোকজন নিয়ে বিরোধীয় জায়গায় দফায় দফায় মহড়া দিচ্ছে এবং আমার মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে ওঠে পড়ে লেগে রয়েছেন। তিনি আরও বলেন অতীতেও দীর্ঘ ১৬ বছর যুবলীগ নেতা পরিচয়ে তোফাজ্জল হোসেন আওয়ামী যুবলীগের ক্ষমতা প্রয়োগ করে লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়েও ভুয়া কাগজপত্র দেখিয়ে অনেককে মিথ্যা মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেওয়ার গুঞ্জন আমরা শুনতে পাই। সময়ের পরিবর্তনের ফলে একই কায়দায় এখন তার ছোট ভাই এনসিপির নেতা পরিচয়ে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের হয়রানির শিকার করে আসছে বলে জানা যায়। তাই সে কারণে যেকোন মূহুত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এনসিপি লামা উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান এর বড় ভাই যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন জানায় বিরোধীয় জায়গাটি তাদের পিতার নামীয়।
এই বিষয়ে এনসিপি নেতা নাজমুল হাসান বলেন, আমাদের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী আদালতে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।আইনজীবী জাফর আলম ক্ষমতার অপব্যবহার করে আমার মাতা পিতার নামীয় ও ৪০-৪৫ বছরের ভোগ দখলীয় জায়গা আত্মসাতের চেষ্টা করছেন।
এই বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান,বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উভয়পক্ষকে বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কোন পক্ষ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










