নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশ সুপারের নিরাপত্তা ব্যবস্থা তদারকি, নির্মাণ হবে দুটি পুলিশ বক্স
- আপডেট সময় : ১২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
রাতের অন্ধকারে তুলনামূলক নির্জন ও ঝুঁকিপূর্ণ এই আঞ্চলিক সড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ প্রতিরোধ, টহল কার্যক্রম বৃদ্ধি এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রানীনগর ও আত্রাই উপজেলায় একটি করে মোট দুটি পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশ বক্স স্থাপন করা হলে এই সড়কে নিয়মিত পুলিশি উপস্থিতি নিশ্চিত হবে, টহল কার্যক্রম আরও কার্যকর হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ সুপারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ অনেকটাই দূর হবে এবং নওগাঁ-রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে যাত্রী ও যানবাহনের চলাচল আরও নিরাপদ হবে।





















