লালপুরে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, ২ ড্রাম ট্রাক জব্দ
- আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে অবৈধভাবে ভরাট মাটি কেটে পরিবহনের অভিযোগে দুইটি ড্রাম ট্রাকসহ চারজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত অর্থাৎ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এ.জে. মিন্টুর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স চিনি বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা মহাসড়কের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
এ সময় ড্রাম ট্রাকযোগে অবৈধভাবে ভরাট মাটি কেটে পরিবহনের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—পাবনার ঈশ্বরদী উপজেলার পেয়ারাখালী গ্রামের মোঃ কাউসার আলী প্রামানিক (৩০), সারাঘাট গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২২) ও মোঃ বাঁধন (২০)। এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের ১৬ বছর বয়সী এক শিশুকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে অবৈধভাবে মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় মামলা নং-২৯, তারিখ ২৯/০৯/২০২৬, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আটক তিন প্রাপ্তবয়স্ক আসামি ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









