আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েটের ভিসি ও ছাত্রকল্যাণ পরিচালক
- আপডেট সময় : ০৪:১৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। গত ১২ নভেম্বর সারা দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণী অনুযায়ী, কেন্দ্রটির মোট ৬৯৮ জন ভোটারের মধ্যে ৪০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ৩৮৮টি ভোট বৈধ বলে গণ্য হয় এবং ২৯৪ জন ভোটার অনুপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে এ কেন্দ্র থেকে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত দুই শিক্ষকই বিএনপি নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। নির্বাচনে এ্যাব প্যানেলের মূল প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াত সমর্থিত ‘ওয়ান আইইবি’ প্যানেল। তবে রাজশাহী কেন্দ্রে অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন। তিনি এ্যাবের সদস্য হওয়া সত্ত্বেও সংগঠনটির সমর্থিত প্যানেলের বিপক্ষে প্রার্থী হন, যা প্রকৌশলীদের মধ্যে প্রশ্নের জন্ম দেয়।
কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ছাড়াও আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে এ্যাব সমর্থিত প্যানেল থেকে রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২০২৬ মেয়াদে আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় ‘ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট (ইআরএম)’-এর সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা যায়, সারা দেশে ৩৪ হাজার ১৩১ জন নিবন্ধিত ফেলো ও সদস্য ভোটারের এ নির্বাচনে কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র জমা পড়ে। ওএমআর ব্যালট পদ্ধতির পাশাপাশি বিদেশে অবস্থানরত ও দূরবর্তী সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা ছিল। একই দিনে সাতটি প্রকৌশল বিভাগ, উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার, স্থানীয় কেন্দ্র-উপকেন্দ্র এবং ঢাকা ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) নির্বাচনও সম্পন্ন হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।




















