সাতকানিয়ার কেরানীহাট বাজারে উপজেলা প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১২:৫৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর শনিবার সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আবছার উদ্দিন (৪৫) কে তিন হাজার টাকা, ভাস্কর পাল (৫২) কে এক হাজার টাকা, রেজাউল করিম, কে পাচঁ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ৩টি মামলায় মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদির দোকানকে সতর্ক করা হয়েছে এবং সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।
উক্ত অভিযানে সহযোগিতা করেন স্যানিটারী ইন্সপেক্টর ছরওয়ার কামাল পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা, এছাড়াও ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন।










