কুড়িগ্রামে পূবালী ব্যাংক পিএলসির তিন দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
এক দেশ, এক কিউআর; লেনদেনে বাংলা কিউআর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং নগদবিহীন আর্থিক সেবা ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, আধুনিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যবস্থার ব্যবহার সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আজিজ এবং কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল মজিদ রিপন। তারা বলেন, বর্তমান সময়ে ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য যেমন নিরাপদ, তেমনি ক্রেতাদের জন্যও সহজ ও ঝামেলামুক্ত। সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পূবালী ব্যাংক গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা, ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা এবং নিরাপদ আর্থিক সেবার বিষয়ে সচেতন করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনে ব্যবসায়ীদের বাংলা কিউআর সেবা গ্রহণ, ডিজিটাল পেমেন্ট চালু, মোবাইল ব্যাংকিং ও কিউআরভিত্তিক লেনদেনের বিভিন্ন দিক হাতে-কলমে প্রদর্শন করা হবে। একই সঙ্গে আগ্রহী ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ প্রদান করবে ব্যাংকের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল করিম রেজা, মো. বুলবুল আহমেদ, হোসেন আলী, পূবালী ব্যাংক পিএলসি উলিপুর শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল হক, চিলমারী উপশাখার ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নগদবিহীন লেনদেনের বহুমুখী সুবিধা তুলে ধরে বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ, নিরাপদ ও স্বচ্ছভাবে অর্থ লেনদেন করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমে, সময় সাশ্রয় হয় এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হয়। পাশাপাশি ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রসারে সরকারের উদ্যোগ বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা পূবালী ব্যাংক পিএলসির এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যবসায়ী ও অংশগ্রহণকারীদের বাংলা কিউআর ব্যবহার, নিবন্ধন প্রক্রিয়া এবং ডিজিটাল পেমেন্টের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।





















