খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পাবনার ঈশ্বরদীর দরগা বাজারে শুরু হয়েছে ‘দরগা বাজার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দরগা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক মো. আব্দুস সামাদ সুলভ মালিথা।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির সদস্য, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক ফুটবলার আলহাজ্ব মো. আবু তালেব জোয়াদ্দার, নাটোর সিটি কলেজের সহযোগী অধ্যাপক মো. সাইদুল ইসলাম কচি, বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন আফজাল, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব এবং পাবনা জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক ও মারমি সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত চমন।
আয়োজক কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাচ্চু ও সভাপতি মোস্তাক আহমেদ বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের ফুটবল চর্চায় উৎসাহিত করা, দর্শকদের আগ্রহ বাড়ানো এবং এলাকায় একটি উৎসবমুখর ক্রীড়া পরিবেশ তৈরি করাও টুর্নামেন্টের লক্ষ্য।

আয়োজকেরা জানান, ১৬টি দল নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ইতিবাচক সামাজিক সচেতনতা গড়ে উঠবে।












