সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ‘আড়াই কেজি হেরোইনসহ’ যুবক আটক
রাজশাহী প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা গ্রাম থেকে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটকের কথা জানিয়েছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সকাল সাড়ে ১০টার দিকে হরমা গ্রামে পদ্মা নদীর পাশের রাস্তার উপরে অবস্থান নেয় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের র্যাবের একটি দল।
এ সময় রাস্তায় একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে থামানো হয়। স্থানীয়দের সামনে মোটরসাইকেল চালক ইউসুফ আলীকে (২৬) তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকাসহ আটক করা হয়। আটক ইউসুফের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামে। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানায় র্যাব ৫।










