জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন
- আপডেট সময় : ০৮:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীর জাকারিয়া পিন্টু ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
রোববার (২০ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান সমন্বয়ক জোবায়ের হোসেন বাপ্পি প্রশাসনের প্রতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, সন্ত্রাসীদের বয়কট করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে মাথায় কাফনের কাপড় বেঁধে ঈশ্বরদী থানার সামনে আমরণ অনশনে বসব।
এ সময় অংশগ্রহণকারীরা ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘মাদক ব্যবসায়ীর আস্তানা ভেঙে দাও এসব স্লোগান দেন।
বক্তব্যে জোবায়ের হোসেন বাপ্পি, জাকারিয়া পিন্টু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ করেন। তিনি দাবি করেন, তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রশাসনের উদ্দেশ্যে জোবায়ের হোসেন বাপ্পি বলেন, পাবনা জেলা প্রশাসকের কার্যালয় আমাদের কাছে সচিবালয়ের মতো, আর পুলিশ সুপারের কার্যালয় পুলিশ হেডকোয়ার্টারের মতো। তাই এখান থেকেই আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।
সমাবেশ থেকে বক্তারা ঈশ্বরদী থানা পুলিশের সঙ্গে অভিযুক্তদের কোনো ধরনের আঁতাত না করার দাবি জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, জাকারিয়া পিন্টু পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।











