মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডা. ইকরামুল বারী টিপু
- আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় দুঃস্থ ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি সেলাই মেশিন একজন নারীর জন্য শুধু একটি উপকরণ নয়, বরং সম্মানজনক আয়ের পথ তৈরি করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, নারীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণ নিয়ে সেলাই পেশাকে আয়ের উৎসে পরিণত করার আহ্বান জানান এবং বলেন, একজন স্বাবলম্বী নারী একটি স্বাবলম্বী পরিবার ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল, মখলেছুর রহমান কামরুল, ডা. তোফাজ্জল হোসেন তোফা, গোলাম আজম, গোলাম মোস্তফা, আতাউর রহমান, আনিছুর রহমান, আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, মান্দা, নওগাঁ।















