লালপুরে হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক, ৬ মোবাইল ফোন উদ্ধার
- আপডেট সময় : ০৯:১৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত ৩টা ৪৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় লালপুর থানাধীন মনিহারপুর গ্রামের জনৈক মোঃ মহির উদ্দিন ওরফে মরু (৬৫)-এর আমবাগানে অভিযান পরিচালনা করেন।
এ সময় আটক ব্যক্তিরা হলেন—মনিহারপুর গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ লালন আহম্মেদ (২৮), মোঃ আঃ মালেকের ছেলে মোঃ হৃদয় আলী (২৪) এবং মোঃ শফিকুল ইসলাম ওরফে সখিনের ছেলে মোঃ সিজান আলী ওরফে সজিব (১৯)।
পুলিশ জানায়, আটক তিনজন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৭ নভেম্বর ২০২৬ তারিখে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, থানা রেকর্ডপত্র যাচাই করে ১ নম্বর আসামি মোঃ লালন আহম্মেদ ও ৩ নম্বর আসামি মোঃ সিজান আলী ওরফে সজিবের বিরুদ্ধে পূর্বের মামলা থাকার তথ্য পাওয়া গেছে।










