আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে গ্লোবাল টিভির টকশো থেকে নাজনীন মুন্নি প্রত্যাহার, ফেরার আভাস
- আপডেট সময় : ০৫:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে
গ্লোবাল টেলিভিশনের হেড অব নিউজ নাজনীন মুন্নিকে সম্প্রতি টকশো প্রশ্নগুলো সহজ’ থেকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে। এর আগে তিনি ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাজনীন মুন্নি চলতি বছরের জুলাইয়ে গ্লোবাল টিভির বার্তা প্রধানের দায়িত্ব পান। অভিযোগ রয়েছে, অদৃশ্য শক্তির প্রভাবে টেলিভিশনটির বার্তা বিভাগের কয়েকটি পদ অতিক্রম করে তিনি ওই পদে আসীন হন।
বিতর্কিত অতীত
গণমাধ্যম সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজনীন মুন্নি দীর্ঘ এক যুগ একাত্তর টেলিভিশনে কাজ করেছেন। সে সময় চ্যানেলটির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আলোচকরা জানান, সেই সময়ে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ও বিপুল অর্থ সম্পদের মালিক হন তিনি। বিষয়টি নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনাও হয়।
প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের ঘনিষ্ঠতার কারণে তিনি এক সময় প্রভাবশালী অবস্থান তৈরি করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলীয় অভ্যন্তরীণ সমালোচনা ও বিভিন্ন পক্ষের চাপের মুখে ২০২২ সালের দিকে একাত্তর টিভি ছাড়েন তিনি। এরপর ডিবিসি নিউজে যোগ দেন অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে।
ডিবিসিতে যোগদানের পর রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। চ্যানেলের মালিক ও আওয়ামী ঘনিষ্ঠ ইকবাল সোবহান চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও প্রচার হয়।
গণঅভ্যুত্থানের পর অবস্থা
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবিসি নিউজের একাধিক সাংবাদিক নাজনীন মুন্নির অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন। মহাখালীর ডিবিসি কার্যালয়ের সামনে টানা মানববন্ধন ও বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ তাকে অবশেষে চাকরি থেকে অব্যাহতি দেয়।
এরপর প্রায় এক বছর পর ২০২৫ সালের জুলাইয়ে আওয়ামী লীগ নেতা ও নোয়াখালী–৩ আসনের সাবেক সংসদ সদস্য কিরনের মালিকানাধীন গ্লোবাল টিভিতে যোগ দেন তিনি।
নতুন বিতর্ক গ্লোবালে
গ্লোবাল টিভির জনপ্রিয় টকশো প্রশ্নগুলো সহজ-এ যোগ দিয়েই ফের বিতর্কের মুখে পড়েন নাজনীন মুন্নি। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানটিতে তিনি আওয়ামী লীগ ঘরানার বক্তব্য ও পক্ষপাতমূলক বিশ্লেষণ তুলে ধরছিলেন। পাশাপাশি অন্তবর্তী সরকার, বিএনপি ও এনসিপিসহ বিরোধী পক্ষের প্রতি কটূক্তি করতেন বলে অভিযোগ আসে।
ইলিয়াস হোসেনের পোস্ট ও প্রত্যাহার
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ২২ সেপ্টেম্বর তার ফেসবুক পেজে নাজনীন মুন্নিকে নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন-
নাজনীন মুন্নির ৭১ টিভি ও ডিবিসির কাস্টমার ছিল ইকবাল সোবহান গং! বর্তমানে তিনি গ্লোবাল টিভিতে! মুন্নির কাস্টমার হলেন আনিস আলমগীর গং! কাজ একটাই- মুজিবকে বাপ ডাকা! লিংক কমেন্টে!
লিংক কমেন্টে তিনি নিজের ইউটিউব চ্যানেল বাংলা এডিশন-এ প্রকাশিত এক প্রতিবেদনও যুক্ত করেন। বিষয়টি ভাইরাল হলে গ্লোবাল টিভি কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং দ্রুত নাজনীন মুন্নিকে প্রশ্নগুলো সহজ টকশো থেকে প্রত্যাহার করে নেয়।
ফেরার গুঞ্জন
তবে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, আওয়ামী বলয়ের অদৃশ্য প্রভাবের কারণে তিনি এখনো গ্লোবাল টিভির বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি পর্দার আড়ালে এখনো বিভিন্ন যোগাযোগ ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এমনকি ঘনিষ্ঠ মহলে তিনি নিজেই বলেছেন- আবার পর্দায় ফিরছি শিগগিরই।














