ঈশ্বরদীতে জাল চুরির জেরে জেলেকে কুপিয়ে গুরুতর জখম, আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
এ ঘটনায় প্রধান আসামিসহ অন্যদের এখনো গ্রেপ্তার করা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামে রেজাউল সরদারের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ২৬ জুলাই পদ্মা নদী থেকে রেজাউল সরদার ও বিশু সরদারের মাছ ধরার জাল চুরি করেন পাশের নসিরের ঘাট এলাকার মৃত তালেব মাঝির ছেলে নাঈম হোসেন। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নাঈমকে ডেকে আনলে তিনি জাল চুরির কথা স্বীকার করেন। পরে দুই ঘণ্টার মধ্যে জাল ফেরত দেওয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা জানান, ওই ঘটনার অপমানের প্রতিশোধ নিতে নাঈম ও তার সহযোগীরা রেজাউলকে হত্যার পরিকল্পনা করে। সেদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে জাল ফেরত দেওয়ার কথা বলে পদ্মা নদীর সোনার চর (লাল গোলা) এলাকায় ডেকে নিয়ে ধারালো হাঁসুয়া দিয়ে রেজাউলের মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে মৃত ভেবে নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পরদিন রেজাউলের স্ত্রী তহমিনা খাতুন বাদী হয়ে নাঈম হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।












