পোরশা-সারাইগাছি-গোমস্তাপুর সড়কে সোলার লাইট স্থাপন, অপরাধ দমনে নতুন উদ্যোগ
- আপডেট সময় : ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা-সারাইগাছি-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন অংশে অপরাধ প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বেশ কয়েকটি সোলার লাইট স্থাপন করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর উদ্যোগে বাস্তবায়িত এই পদক্ষেপের ফলে সড়কে রাতের বেলায় দৃশ্যমানতা বৃদ্ধি পাবে এবং ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য মহোদয় এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সরাইগাছি পুলিশ বক্স খুব শিগগিরই কার্যক্রম শুরু করবে। পুলিশ বক্স চালু হলে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ পত্নীতলা-সাপাহার-পোরশা-চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সড়কে নিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।















