বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
- আপডেট সময় : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতায় উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২০ জুলাই ) দুপুর ১ টায় ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস তাঁর বক্তব্যে বলেন,”বাল্যবিবাহ ও শিশুশ্রম একটি সমাজের অগ্রগতির বড় বাধা। সাতোর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা শুধু একটি অর্জন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই সাফল্য ধরে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ এডিপি ম্যানেজার রবার্ট কমল সরকার,চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের অধিকার, শিক্ষার গুরুত্ব এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, বাল্যবিবাহ রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিশু ফোরামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।















