লোহাগাড়ায় শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪
- আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখতে এবং যুব সমাজকে মাদকমুক্ত করে ক্রীড়ামুখী করতে একটি জমজমাট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে এই জমজমাট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকালে উপজেলার পদুয়া চৌধুরী গেস্ট হাউজে স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করেন টুর্নামেন্টের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সহ-সভাপতি ও লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জকরিয়া।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখার জন্যে এবং যুব সমাজকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামূখী করতে জমজমাট এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম অংশগ্রহণ করতে পারবে এবং উক্ত খেলায় বিদেশি খেলোয়াড়রা অংশ নিতে পারবে। এসময় লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।













