হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন
- আপডেট সময় : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুন (২০২৬) হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশ নেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতকরণ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেমন— প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তি নির্ভর পানি ব্যবস্থাপনার বিষয়েও খামারিদের আধুনিক ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার সেল্স গোলাম কিবরিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সুজন মিয়া। দিনব্যাপী এই কর্মসূচিতে মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন মার্ক বায়োসায়েন্স বিডি-এর ট্রেইনার সারিউন ইসলাম।
আলোচকবৃন্দ বলেন, সনাতন পদ্ধতি পরিহার করে পরিকল্পিত ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খামারিরা উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় ও লাভজনকতা অনেকাংশে বাড়াতে পারেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়, যাতে তারা বাস্তব ক্ষেত্রে এসব পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে চাষীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। কর্মসূচি শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।



















